মুক্তাগাছায় পুকুরে ডুবে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুজাটি গ্রামে গতকাল বুধবার সকালে পুকুরে ডুবে একই সঙ্গে দুই গৃহবধূ মারা গেছেন।
গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই গৃহবধূ হলেন কাকলী রানী দত্ত (২৬) ও নিপা দাস (২০)। তাঁরা সম্পর্কে ননদ-ভাবি। কাকলী রানির বাড়ি মুজাটি গ্রামে। আর নিপা দাসের স্বামীর বাড়ি একই উপজেলার আধপাকিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাকলী রানী দত্ত অসুস্থ ছিলেন। তাঁর সেবা করতে বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন নিপা দাস। গতকাল সকাল আটটার দিকে তাঁরা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান।
আনুমানিক এক ঘণ্টা পরও তাঁরা বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজ করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরপাড়ে দুজনের কাপড় পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুকুরে জাল ফেলে তাঁদের খোঁজ করতে শুরু করে। একপর্যায়ে দুজনকেই পানির নিচ থেকে উদ্ধার করা হয়। সকাল নয়টার দিকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, কাকলী রানী দত্ত সাঁতার জানলেও নিপা দাস সাঁতার জানতেন না।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।