মুক্তাগাছায় পুলিশের বিরুদ্ধে আটক-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা থানার পুলিশ আটক-বাণিজ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ আটক ব্যক্তিকে ছাড়তে প্রথমে মোটা অঙ্কের টাকা দাবি করে পুলিশ৷ পরে তাঁর স্বজনদের সঙ্গে চলে দর-কষাকষি৷ টাকা আদায়ের পর ছাড়া হয় আসামি৷ সম্প্রতি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তাগাছা পৌর শহরের কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগী জানান, গত ১৯ জানুয়ারি হেরোইন সেবনের দায়ে থানার পাশের ব্যবসায়ী মাসুদ রানা (২৪) ও তাঁর দোকানের এক কর্মচারীকে ধরে আনে পুলিশ৷ পরে দর-কষাকষি করে ১৫ হাজার টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়ার কথা হয়৷
মাসুদ রানা জানান, তিনি থানার পাশের একটি দোকানে মুঠোফোনে টাকা রিচার্জ এবং কম্পিউটারে মাধ্যমে মুঠোফোনে গান ভরার ব্যবসা করেন৷ ১৯ জানুয়ারি সন্ধ্যায় থানার এক কর্মচারী মুঠোফোন নম্বর লিখে টাকা দিয়ে যান৷ টাকা দিতে দেরি হওয়ায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল করিম দোকানে এসে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন৷ এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়৷ এর দেড় ঘণ্টা পর মাসুদ ও তাঁর সহকারী দোকান বন্ধ করে দিনের হিসাব মিলাচ্ছিলেন৷ এ সময় থানার এসআই সাইদুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম, এএসআই জিয়াউর রহমান ও আবদুল করিম দোকানে এসে তল্লাশি চালান৷ একপযার্য়ে দোকানের কম্পিউটারসহ মাসুদ ও কর্মচারীকে ধরে থানায় নিয়ে যান৷ থানায় নিয়ে তাঁদের সঙ্গে হেরোইনের পুরিয়া দেখানো হয়৷
মাসুদ দাবি করেন, হেরোইন তাঁর দোকানে ছিল না৷ থানায় নিয়ে যাওয়ার পরই সেটি প্রথম দেখতে পান৷ তাঁকে ছাড়তে পুলিশ প্রথমে ৫০ হাজার টাকা দাবি করে৷ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতায় ১৫ হাজার টাকায় মাসুদ ও তাঁর দোকানের কর্মচারীকে ছেড়ে দিতে রাজি হয় পুলিশ৷ ওই রাতেই পুলিশকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা৷ পরদিন ২০ জানুয়ারি সকালে মাসুদ তিন হাজার টাকা নিয়ে গেলে পুলিশ টাকা না রেখে চুক্তি অনুযায়ী বাকি ১০ হাজার টাকা দাবি করে৷ মাসুদ পাঁচ হাজার টাকা পরিশোধ করেন, আর পাঁচ হাজার টাকা পরে দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷
অভিযোগের বিষয়ে এসআই সাইদুল ইসলাম বলেন, মাসুদের দোকানে হেরোইন পাওয়া গেছে৷ টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারব না৷ মাসুদ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত৷ তাই নেতাদের ফোনে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, ২২ জানুয়ারি গাঁজাসহ দুই মাদকসেবীকে ধরে আনে মুক্তাগাছা থানার পুলিশ৷ পরে তাঁদের স্বজনদের সঙ্গে দর-কষাকষির পর টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়৷
আটক-বাণিজ্যের কথা অস্বীকার করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক প্রথম আলোকে বলেন, মাসুদের দোকানের কম্পিউটারের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মুঠোফোনে পর্নো ভিডিও ভরা হয়৷ টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগের প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন৷