বন বিভাগের জমি দখল নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার দুল্লা ইউনিয়নের কামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন লুৎফর রহমান (৬০) ও আবদুর রহিম (২৫)। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আটজনসহ মোট ১০ জনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কামারিয়া গ্রামের বন বিভাগের ৬০ শতক জমির দখল নিয়ে স্থানীয় লুৎফর রহমান ও ঈমান আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি। ঈমান আলীর পরিবারের দখলে থাকা ওই জমিতে গতকাল সকাল আটটার দিকে ঈমান আলী তাঁর ছেলেদের নিয়ে কাজ করতে যান।এ সময় লুৎফর রহমানের নেতৃত্বে আট-নয়জনের একটি দল দা, লাঠি, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা ঈমান আলী ও তাঁর স্ত্রী রওশন আরা এবং ছেলে আবদুর রহিমসহ পরিবারের আট সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে জমিতে ফেলে রেখে যান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আবদুর রহিম মারা যান।আবদুর রহিমের মৃত্যুর খবর জানাজানি হলে ঈমান আলীর পরিবারের লোকজন ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে লুৎফর রহমানের বাড়ি ঘেরাও করেন। তাঁরা লুৎফর রহমান, আবদুল লতিফসহ পরিবারের সাত সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেন।পরে পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরের দিকে লুৎফর রহমানের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।