মুক্তাদির ও ফারুক ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক থেকে অবমাননাকর ছবি নামিয়ে লোকজনকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. আবদুল মুক্তাদির ও ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের বিচারিক হাকিম তাওহিদুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দত্ত চাকমা বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সকালে কক্সবাজার আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত দুজনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।মুক্তাদির ও ফারুকের বক্তব্য: রিমান্ডে নেওয়ার আগে মুক্তাদির গতকাল সাংবাদিকদের বলেন, ওই দিন (২৯ সেপ্টেম্বর) খরচের টাকার জন্য তিনি চট্টগ্রাম থেকে রামুর নিজ বাড়িতে যান। এরপর রামুর ফকিরা বাজারে খালাতো ভাই ওমর ফারুকের ‘ফারুক কম্পিউটার টেলিকম’ নামের দোকানে যান। সেখানে উত্তম বড়ুয়ার ফেসবুক থেকে বিতর্কিত ছবিটি ডাউনলোড করেন। কিন্তু লোকজন ছবিটি দেখে ফেলায় হইচই শুরু হয়। ওই ছবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হলেও তিনি তাতে যোগ দেননি।মুক্তাদির দাবি করেন, তিনি কোনো ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত নন।তবে রামুর মন্দির পোড়ানো মামলার তদন্তে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম) মো. ইলতুত মিশ বলেন, মুক্তাদির চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়াবিষয়ক সম্পাদক। তিনি ওই ইনস্টিটিউটের কম্পিউটার ডিপ্লোমা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।তবে ফারুক টেলিকমের মালিক ওমর ফারুক সাংবাদিকদের বলেন, উত্তম কুমার বড়ুয়া তাঁর ফেসবুক বন্ধু। ‘ইনসার্ট আল্লাহ’ নামের একটি আইডি থেকে আসা কোরআন শরিফের অবমাননাকর ছবিটি উত্তম ‘লাইক’ দিলে বিষয়টি তিনি দেখতে পান। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মুক্তাদির দোকানে এসে কম্পিউটার চালু করে তাঁর ফেসবুক আইডি থেকে উত্তর কুমার বড়ুয়ার ফেসবুকে থাকা বিতর্কিত ওই ছবি ডাউনলোড করেন।