মুক্তামণি আবার আইসিইউতে

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত মঙ্গলবার রাতে তাকে আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা আশঙ্কা করছেন, মুক্তামণির নিউমোনিয়া হয়েছে।
১০ অক্টোবর মুক্তামণির ঊরু থেকে থেকে চামড়া নিয়ে তার হাতের ৫০ শতাংশ জায়গায় চামড়া লাগানো হয়। পরে ড্রেসিং করে হাতের ওপরের দিকের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। তখন হাত দেখে মুক্তামণি প্রথম আলোর কাছে উচ্ছ্বাসও প্রকাশ করে।
গত আগস্ট মাসে মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার হয়। তখন ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, আজ সকালেও মুক্তামণির শ্বাসকষ্ট হয়েছে। তার একটি ফুসফুস কাজ করে না। আরেকটাতেও সংক্রমণ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে তার নিউমোনিয়া হয়েছে। কফ পরীক্ষার জন্য বলা হয়েছে।
সামন্ত লাল সেন বলেন, ‘আজ বিকেল সাড়ে চারটার সময় মুক্তামণিকে দেখে এসেছি। মেয়েটির সঙ্গে একটি আত্মিক সম্পর্ক হয়ে গেছে। মেয়েটার ওপর দিয়ে একটার পর একটা ধকল যাচ্ছে। খুব কষ্ট লাগছে। সবাই মুক্তামণির জন্য দোয়া করবেন। মেয়েটির মধ্য বাঁচার ইচ্ছা প্রবল। মনের জোরে সব সময় বলছে, ভালো আছি।’
মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেনের কণ্ঠেও উৎকণ্ঠা। তিনি বলেন, ‘চিকিৎসকেরা আইসিডিডিআরবি থেকে মুক্তামণির কফ পরীক্ষা করতে বলেছেন। কাশির পাশাপাশি মেয়ের গায়ে জ্বরও আছে।’
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।