মুক্তামণির অস্ত্রোপচার সফল, ঝুঁকিমুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তামণি l ফাইল ছবি
মুক্তামণি l ফাইল ছবি

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির ডান হাত না কেটেই হাত থেকে টিউমার অপসারণ করা হয়েছে। অপসারণ করা টিউমারের ওজন তিন কেজি। চিকিৎসকেরা বলেছেন, প্রাথমিকভাবে মুক্তামণির অস্ত্রোপচার সফল। তবে এখনই তাকে ঝুঁকিমুক্ত বলার উপায় নেই।

গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে মুক্তামণির অস্ত্রোপচার হয়। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সংশ্লিষ্ট চিকিৎসকসহ ২০ জনের বেশি চিকিৎসকের একটি দল এ অস্ত্রোপচারে অংশ নেয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী লেলিন জানান, অস্ত্রোপচার সফল হওয়ায় গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রস্তুতি সম্পন্ন করে সকাল পৌনে নয়টায় মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচারের পরপরই মুক্তামণির জ্ঞান ফিরে আসে। বার্ন ইউনিটের অপারেশন থিয়েটার থেকে বের করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একজন চিকিৎসক বলেন, মুক্তামণি চোখ খোলো। সঙ্গে সঙ্গেই মুক্তামণি চোখ মেলে তাকায়।

মুক্তামণির অস্ত্রোপচার শেষে দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকেরা মুক্তামণির শরীরের সার্বিক অবস্থা গণমাধ্যমকর্মীদের জানান। অধ্যাপক আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে মুক্তামণির হাত থেকে টিউমারের অংশ অস্ত্রোপচার করে অপসারণ করা সম্ভব হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাকে এখনই ঝুঁকিমুক্ত বলা যাবে না। বুকসহ শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়া টিউমার অপসারণ করা হয়নি। ওর ফুসফুসে সমস্যাসহ শরীরের অন্যান্য জায়গায় কিছু জটিলতা আছে। সুস্থ হতে মুক্তামণির আরও পাঁচ থেকে ছয়টি অস্ত্রোপচার লাগবে। তবে ওর শারীরিক অবস্থা কেমন থাকে তার ওপর নির্ভর করবে এসব অস্ত্রোপচার কবে করা হবে। ওকে পাঁচ থেকে ছয় সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

আবুল কালাম বলেন, মুক্তামণির জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে হাত কেটে ফেলতে হলে তাতেও রাজি ছিলেন চিকিৎসক এবং মুক্তামণির বাবা-মা। তবে মুক্তামণির হাতটি কাটতে হয়নি। আশা করা যাচ্ছে, স্কিন গ্রাফটিংসহ বাকি কাজ সম্পন্ন হলে সে হাত দিয়ে স্বাভাবিক কাজ করতে পারবে। আর অস্ত্রোপচার করা অংশটুকুতে আর টিউমার দেখা দেওয়ার আপাতত কোনো আশঙ্কা নেই। আবুল কালাম বলেন, ‘যেদিন মুক্তামণি বাড়ি ফিরতে পারবে, সেদিন আমরা বলতে পারব ও ঝুঁকিমুক্ত।’

সংবাদ ব্রিফিংয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, মুক্তামণির অস্ত্রোপচারে প্রাথমিকভাবে যে সফলতা এসেছে, তা সম্ভব হয়েছে চিকিৎসকদের সম্মিলিত উদ্যোগের ফলে।

মুক্তামণি ও হীরামণি যমজ বোন। হীরামণি এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে। মুক্তামণি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির বই এনেছিল, কিন্তু তার আর স্কুলে যাওয়া হয়নি।

গতকাল মুক্তামণির বাবা সাতক্ষীরায় মুদির দোকানদার ইব্রাহিম হোসেন ও মা আসমা খাতুন সারাক্ষণ অপারেশন থিয়েটারের বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। অস্ত্রোপচার শেষে বাবা প্রথম আলোকে বলেন ‘এক ডাকেই মেয়ে আমার চোখ খুলে তাকায়। আমার কাছে পানি খেতে চাইল। বলল, হাতে অনেক যন্ত্রণা।’

হাত না কেটেই অস্ত্রোপচার সফল হওয়ায় ইব্রাহিম হোসেন সৃষ্টিকর্তা এবং চিকিৎসকদের প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি তাঁর মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।