মুক্তামণির বায়োপসি আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে মুক্তামণি
হাসপাতালে মুক্তামণি

বিরল রোগে আক্রান্ত মুক্তামণির বায়োপসি আগামী সপ্তাহে হতে পারে। তারপরই তার রোগটি শনাক্ত হতে পারে। মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। তিনি দুপুরে বার্ন ইউনিটের কেবিনে মুক্তামণিকে দেখতে যান।
সামন্তলাল সেন মুক্তামণিকে বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দেন তার মা-বাবাকে। সামন্তলাল সেন বলেন, মুক্তামণির শারীরিক অবস্থা এখনো দুর্বল। আগামী সপ্তাহে তার বায়োপসি করা হতে পারে। মুক্তামণির বেলায় এখনই বলা যাবে না, ও একদম ভালো আছে। নানান উপসর্গ দেখা দেবে। তবে বলা যায়, আগের চেয়ে একটু ভালো আছে।
গতকাল বেলা আড়াইটার দিকে বার্ন ইউনিটের কেবিনে গিয়ে দেখা যায়, মুক্তামণি শুয়ে আছে, পাশে বসে মা আসমা খাতুন মেয়ের ফুলে কোলবালিশের মতো হয়ে যাওয়া হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। আসমা খাতুন বললেন, মেয়ের হাতে প্রচণ্ড যন্ত্রণা হয়। দিনে দুবার দুই থেকে আড়াই ঘণ্টা এভাবে হাত বুলিয়ে দিতে হয়। তারপর আস্তে আস্তে মেয়ে ঘুমায়। বাড়িতে থাকা অবস্থায় নিয়ম করে হাতে বসা সাদা
সাদা পোকা মারতে হতো। এখন হাত ব্যান্ডেজ করে রাখায় তা করতে হয় না, আর হাত থেকে দুর্গন্ধও বের হয় না। কিন্তু ভেতরের যন্ত্রণাটা আছে।
জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে মুক্তামণির ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। সাতক্ষীরা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় নানান চিকিৎসা চলে তার। তবে ভালো হয়নি বা ভালো হবে, সে কথা কেউ কখনো বলেননি।
সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের দুই মেয়ে হীরামণি ও মুক্তামণি। তারা যমজ দুই বোন। হীরামণি সম্পূর্ণ সুস্থ থাকলেও মুক্তামণি বিরল রোগে আক্রান্ত। হীরামণি চতুর্থ শ্রেণিতে পড়ছে। মুক্তামণি স্কুল থেকে দ্বিতীয় শ্রেণির বই এনেছিল, কিন্তু তার আর স্কুলে যাওয়া হয়নি।
মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।