মুক্তামণির রক্তনালিতে টিউমার, অস্ত্রোপচার আগামী শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তামণির রক্তনালিতে টিউমার ধরা পড়েছে। আগামী শনিবার তার অস্ত্রোপচার করা হবে। এতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। জীবনরক্ষার জন্য মুক্তামণির হাতও কাটে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল মঙ্গলবার মুক্তামণির বায়োপসি রিপোর্ট পাওয়ার পর বিশেষ মেডিকেল বোর্ড সভায় বসে। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকর্মীদের মুক্তামণির সার্বিক বিষয়টি জানান। তাঁরা জানিয়েছেন, বায়োপসি রিপোর্টে ক্যানসারের কোনো লক্ষণ পাওয়া যায়নি। মুক্তামণির অস্ত্রোপচারে রক্তপাতের আশঙ্কা রয়েছে। অন্ততপক্ষে ১০ ব্যাগ রক্ত প্রস্তুত রাখাসহ অন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই তার অস্ত্রোপচার করা হবে।
সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই জানি মুক্তামণির অস্ত্রোপচারের বিষয়টি ঝুঁকিপূর্ণ। সব প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন চিকিৎসকেরা। জীবনরক্ষার জন্য হাত কাটতে হলেও সেটি করতে হবে।’
সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানদার ইব্রাহিম হোসেনের যমজ মেয়ে হীরামণি ও মুক্তামণি। জন্মের দেড় বছর পর থেকে মুক্তামণির সমস্যা শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তা ফুলে কোলবালিশের মতো হয়ে যায়। মুক্তামণি বিছানায় বন্দী হয়ে পড়ে।
গণমাধ্যমে খবর প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয় মুক্তামণিকে নিয়ে। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করানো হয় বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।