মুক্তামণির সংগ্রাম কবে যে শেষ হবে!

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে ৫০ শতাংশ চামড়া প্রতিস্থাপন বা গ্রাফটিং করা হয়েছে গতকাল মঙ্গলবার। তার ঊরু থেকে চামড়া নিয়ে হাতে লাগানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে হাতে চামড়া লেগে যাওয়ার কথা। এর আগেও বেশ কয়েকবার মুক্তামণি অস্ত্রোপচারের টেবিলে গেছে। তবে এবার ঊরু থেকে চামড়া নিয়ে হাতে লাগানো হবে শোনার পর সে ভয় পেয়েছে। তার শরীরে অস্ত্রোপচারসহ এসব ধকলের ছাপ স্পষ্ট।
আজ বুধবার সকালে মুক্তামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে। কেবিনে গিয়ে দেখা গেল, মুক্তামণির ডান হাত ও ডান পা পুরোটাতে সাদা ব্যান্ডেজ করা। বাঁ হাতে ক্যানোলা দিয়ে স্যালাইন চলছে। বাঁ পায়েও ক্যানোলা লাগানো। সকাল থেকে বেশ জ্বর ছিল। তবে আস্তে আস্তে জ্বর নিয়ন্ত্রণে এসেছে।
ঘুমঘুম চোখে মুক্তামণি প্রতিবেদককে জানায়, হাত ভালো হলে সে বাড়ি যাবে। সবাইকে হাত দেখাবে। খানিকক্ষণ চুপ করে থাকে মুক্তামণি। এরপর বলে, একসময় তার এই হাত দেখে সবাই ঘৃণা করত। কেউ তার ঘরে যেত না। বলতে বলতে চোখের কোনায় পানি জমে, জমে প্রচণ্ড অভিমান।
মুক্তামণিকে কেবিনে দেখতে যান বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘মুক্তামণির এতটুকুন শরীরে এ পর্যন্ত অনেক ধকল গেছে। ওকে যেতে হবে আরও বহুদূর। ওর যুদ্ধ বা সংগ্রাম কবে যে শেষ হবে, তা জানি না। ও এখন বড় ধরনের ট্রমার মধ্যে আছে।’
মুক্তামণির বিছানার পাশে চেয়ারে বসে সামন্ত লাল সেন বলেন, জ্বর হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যে ওর হাতের চামড়া লেগে যাবে। তখন বলা যাবে, চিকিৎসার একটি ধাপ অগ্রসর হলো।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। গত আগস্ট মাসে মুক্তামণির প্রথম অস্ত্রোপচার হয়। ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
মুক্তামণির মা আসমা খাতুন ও বাবা ইব্রাহিম হোসেন জানালেন, বাড়ি যাওয়ার জন্য মেয়ে অস্থির হয়ে গেছে। মা হাসতে হাসতে বললেন, ‘বাড়িতে যে হলুদ ফ্যান, টিভি আছে; তার জন্য নাকি ওর পরান পুড়ে!’