মুক্তামণির হাতে আংশিক অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় মুক্তামণির হাতে আংশিক অস্ত্রোপচার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা জানান, মুক্তামণির গায়ে জ্বর থাকায় আংশিক অস্ত্রোপচার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘অস্ত্রোপচারকক্ষে নেওয়ার পর মুক্তামণির গায়ে জ্বর দেখা যায়। তাই আজ (মঙ্গলবার) আংশিক অপারেশন হয়েছে। ঈদের পর আবার অপারেশনের তারিখ ফেলা হবে।’ তিনি জানান, মুক্তামণি ভালো আছে।

মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ১২ আগস্ট। ওই সময় মুক্তামণির ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানান তাঁরা।