মুক্তামণির হাতে আজ অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার কাছে মুক্তামণির কত বায়না। কদিন পরই কোরবানির ঈদ। বাড়ি ফিরে কবজি ডুবিয়ে কোরবানি মাংসের ঝোল দিয়ে সে ভাত খাবে। মায়ের কাছেও তার এ ইচ্ছার কথা জানিয়ে রেখেছে।

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণি এখন সবার কাছে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সব ধরনের খোঁজখবর নিচ্ছেন। আজ শনিবার সকালে মুক্তামণির হাতে অস্ত্রোপচার হবে।

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

মুক্তামণিকে শুভকামনা জানানোর জন্য বার্ন ইউনিটে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমসহ অনেকেই। মুক্তামণির এখন যে অবস্থা, তাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরই প্রয়োজন সবার দোয়া। সবার ভালোবাসা ও দোয়ায় সৃষ্টিকর্তা হয়তো মুখ তুলে চাইবেন বলেই ভরসা করে আছে তার পরিবার।

মুক্তামণির অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়ার কথা হয়েছিল। তবে সেখানকার চিকিৎসকেরা ভিডিও কনফারেন্স করে ও বিভিন্ন রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছেন, তাঁরা মুক্তামণির অস্ত্রোপচার করতে পারবেন না। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ করে বার্ন ইউনিটের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালামসহ অন্যরা হাল ছাড়েননি। তাঁরা সাহস করে এগিয়ে এসেছেন। তা না হলে মুক্তামণিকে হয়তো এ পৃথিবী থেকেই বিদায় জানাতে হবে। অস্ত্রোপচারেও সেই ঝুঁকি আছে। জীবন বাঁচানোর জন্য ওর হাত কেটে ফেলতে হতে পারে। কিন্তু চেষ্টা তো করতে হবে।

গতকাল শুক্রবার সকালে মুক্তামণির জ্বর এসেছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, সন্ধ্যা নাগাদ জ্বর না সারলে হয়তো অস্ত্রোপচারের সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। তিনি বলেন, ‘মুক্তামণির শরীরের যে অবস্থা তাতে করে জ্বর হবে, এটা-ওটা সমস্যা হবে, তা আমরা মাথায় রেখেই অগ্রসর হচ্ছি। রক্তনালির টিউমার কোনো বিরল রোগ নয়। কিন্তু মুক্তামণিকে আমরা যে অবস্থায় পেয়েছি, তাকে বিরল না বলে উপায় নেই। টিউমার ছড়িয়েছে অনেক দূর। তার লিভার বড়। একটা ফুসফুস কাজ করে না। সমস্যা অনেক। এ পথে না গিয়ে আমাদের আর কোনো উপায় নেই। তা না হলে ওকে ছেড়ে দিতে হবে। এখন সবই ওপরওয়ালার ইচ্ছা।’

মুক্তামণি বড় হয়ে চিকিৎসক হতে চায়। কাউকে যাতে তার মতো এমন অবস্থার শিকার না হতে হয়, সে চেষ্টা তো তাকেই করতে হবে। তার বয়স ১০ কি ১১ বছর।

মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেনের এক কথা, ‘আপনারা সবাই দোয়া করবেন। আমি তার সব বায়না মেটানোর জন্য তৈরি।’