মুক্তামণির হাতে আজ আবার অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তামণি l ফাইল ছবি
মুক্তামণি l ফাইল ছবি

মুক্তামণির হাতে আজ মঙ্গলবার আবার অস্ত্রোপচার করা হবে। এটা হবে তার হাতে তৃতীয় দফার অস্ত্রোপচার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছে মুক্তামণি। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় গত ১২ আগস্ট। সে সময় তার ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। দ্বিতীয় দফায় ২৯ আগস্ট তার হাতে আংশিক অস্ত্রোপচার করা হয়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, মুক্তামণির হাতে মঙ্গলবার তৃতীয় দফা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতে সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়।