মুক্তামণির হাতে দ্বিতীয় অস্ত্রোপচার মঙ্গলবার
মুক্তামণির হাতে আরও কিছু টিউমার আছে। আগামী মঙ্গলবার তার হাতে দ্বিতীয় অস্ত্রোপচার হবে। আপাতত মুক্তামণি ভালো আছে।
আজ রোববার মুক্তামণির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে ১২ আগস্ট। অস্ত্রোপচার করে মুক্তামণির ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। মুক্তামণির শরীরে আরও টিউমার আছে। তার শারীরিক সুস্থতা অনুযায়ী অন্য টিউমারগুলোর অস্ত্রোপচার করা হবে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, মুক্তামণির হাতে আরও কিছু টিউমার আছে। মঙ্গলবার তা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অস্ত্রোপচারেও ঝুঁকি আছে।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।