
মুক্তি আর অবরোধের ফাঁদে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। দীর্ঘ ১০০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ফের অবরুদ্ধ হলেন তিনি। শিক্ষকদের পর এবার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে তাঁকে অবরুদ্ধ করেছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন উপাচার্য।গতকাল রোববার রাত আটটার দিকে উপাচার্য মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি অসহায়। আমি সরকারের উচ্চপর্যায়ে গিয়ে সার্বিক পরিস্থিতির কথা বলব।’গত শনিবার দিবাগত রাত তিনটায় শিক্ষকদের চার মাসের বকেয়া বেতনের মধ্যে দুই মাসের বেতন প্রদানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষকদের একাংশ অবস্থান ধর্মঘট স্থগিত ঘোষণা করে। বেতনসহ বকেয়া ঈদ বোনাস আজ সোমবার প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। এর আগে গত শুক্রবার সাধারণ শিক্ষকদের ব্যানারে অন্য একটি অংশ আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে। গত মঙ্গলবার বেলা ১১টায় প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকদের পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু করা হয়েছিল। শিক্ষকদের দুই অংশ পর্যায়ক্রমে ধর্মঘট স্থগিত করার পরও উপাচার্য মুক্ত হতে পারলেন না। গতকাল দিনভর নিজ কার্যালয়ে বসে ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতার কাগজপত্র ঠিক করে সন্ধ্যার দিকে কক্ষ থেকে বের হয়ে প্রধান ফটকে এসে উপাচার্য দেখেন ফটক তালাবদ্ধ। এরপর তিনি আবারও নিজ কক্ষে ফিরে যান।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপাচার্য তাঁর কক্ষ থেকে বের হওয়ার আগেই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ফলে গতকালসহ টানা ছয় দিন অবরুদ্ধ জীবন কাটালেন উপাচার্য।
এক প্রশ্নের উত্তরে উপাচার্য মুঠোফোনে বলেন, ‘গত পরশু (শুক্রবার) আমার স্ত্রী ঢাকায় গিয়েছে। আমি টানা ছয় দিন ধরে অবরুদ্ধ হয়ে একই কাপড়ে শুয়ে-বসে রয়েছি। গোসল করতে পারছি না। রংপুর বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি, আমাকে এখান থেকে উদ্ধার করে বাসস্ট্যান্ডে নিয়ে যেতে।’ তিনি বলেন, ‘আমার এ কথাগুলো জাতীয় পত্রিকায় গুরুত্ব-সহকারে প্রকাশ পাওয়া উচিত।’
অস্থায়ী ভিত্তিতে ৩৩৮ জন কর্মকর্তা ও কর্মচারীর চাকরির মেয়াদ ছিল গত জুন পর্যন্ত। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীর মুখপাত্র নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, ‘উপাচার্য স্যার যদি আমাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি ঢাকায় গিয়ে ইউজিসির কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন, তাহলে আমাদের অবস্থান প্রত্যাহার করে নেওয়া হবে।’
এ দাবি প্রসঙ্গে উপাচার্য গতকাল সন্ধ্যার পর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে আমার কোনো করণীয় নেই। কেননা, বিষয়টি পুরোপুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আমি এর নিশ্চয়তা দিতে পারি না।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহামঞ্চদ আলী গত শনিবার মধ্যরাত পর্যন্ত সিন্ডিকেটের সভা ও অন্যান্য আলোচনার বিষয় নিশ্চিত করে বলেন, ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস আজ সোমবার প্রদান করার কথা রয়েছে।
আন্দোলনরত প্রগতিশীল শিক্ষক সমাজের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন ফরিদ-উল-ইসলাম বলেন, ‘দুই মাসের বেতন-ভাতা প্রদানের আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট স্থগিত করেছি।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহামঞ্চদ আলী বলেন, শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়েছে। সভায় স্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩৩৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর দুই মাসের বকেয়া বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সভায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ৭৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পদায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইউজিসির বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৩৬ জন। আর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও কর্মচারী ৩৩৮ জন।