মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পোস্টার ওঠেনি
এখনো ওঠেনি পোস্টার, আগের মতোই হতশ্রী হয়ে আছে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’টি। গতকাল রোববার তোরণটি পরিদর্শন করে দেখা যায়, সেখানে আগের পোস্টারগুলো তো সরেইনি, বরং নতুন একাধিক পোস্টার লেগেছে।
গত জুলাই মাসে তোরণটির কাজ শেষ হলেও এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। এর আগেই এটি পোস্টার লাগানোর স্থানে পরিণত হয়েছে। গতকাল বিকেলে নীলক্ষেত মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে একটি পুস্তক প্রকাশনা সংস্থার নতুন পোস্টার লেগেছে। আগের লাগানো পোস্টারগুলোও আছে। রাতে নীলক্ষেত এলাকায় দোকান করেন এমন একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল টিমের টহল গাড়িটিকে গত দুই দিনই রাতের বেলা একাধিকবার এই দিকে আসতে দেখা গেছে। গাড়িটি তোরণের সামনে থেমেছে। কিন্তু কেউ পোস্টার সরায়নি।
এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীকে ফোন করা হলে তিনি মুঠোফোনে বলেন, ওগুলো তুলে ফেলতে বলা হয়েছে। যদি সরানো না হয়ে থাকে, তাহলে আবারও বলা হবে।