মুক্তি পাওয়ার পর 'নিখোঁজ' আট মামলার আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় এরশাদ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে সাদাপোশাকের লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
এরশাদ পৌরসভার পৈরতলা এলাকার আকবর আলীর ছেলে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সদর থানায় এরশাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এরশাদের স্ত্রী রহিমা অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে এরশাদ জেলখানার প্রধান ফটকের কাছে এসে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বেলা সাড়ে ১১টার দিকে জেলখানার প্রধান ফটক দিয়ে বের হওয়ার পরপরই সেখানে একটি সাদা মাইক্রোবাসে থাকা ছয়-সাতজন লোক চোখ বেঁধে এরশাদকে ধরে নিয়ে যায়। পুলিশের লোকজন তাঁকে ধরে নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেন। তবে পুলিশ তাঁদের কাছে বিষয়টি অস্বীকার করেছে। ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন বলেন, জেলগেট থেকে কাউকে আটকের কোনো খবর তাঁর কাছে নেই।