পশ্চিমবঙ্গের কারাগারে বন্দী বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন, তাঁর বাংলাদেশ সফরের আগেই এ সিদ্ধান্ত কার্যকর হোক। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশাল প্রতিনিধিদল নিয়ে ১৯ ফেব্রুয়ারি ঢাকা যাচ্ছেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনিই প্রধান অতিথি।
বন্দী মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী নিজেই জানান। গত বুধবার সন্ধ্যায় হাওড়ায় অস্থায়ী সচিবালয় ‘নবান্ন’য় প্রথম আলোকে এ খবর জানিয়ে তিনি বলেন, ‘আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা যেন মুক্তি পান। এ জন্য পদ্ধতিগত যা যা করতে হবে, তা দ্রুত সেরে ফেলার নির্দেশ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছেন, যাতে তাঁর ঢাকা সফরের আগেই এই মানুষগুলো দেশে ফিরতে পারেন।’ এ মুহূর্তে রাজ্যের জেলে ৬০ জনের মতো মৎস্যজীবী বন্দী রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ‘মাঝেমধ্যেই মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার আমি যাওয়ার আগে সবাইকেই ছেড়ে দিতে চাইছি। সবার পক্ষে সব সময় বোঝা সম্ভব নয়, কাদের জলসীমায় তাঁরা মাছ ধরছেন। ফলে মাঝেমধ্যেই তাঁরা ধরা পড়ে যান।’
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ২০১১ সালে বাংলাদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতার যাওয়ার কথা ছিল। কিন্তু তিস্তার পানি বণ্টন নিয়ে মনোমালিন্যের কারণে তিনি শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নেন। মমতার বক্তব্য, সেই সময় তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র তাঁকে ভুল বুঝিয়েছিল। তাঁকে অন্ধকারে রেখে কেন্দ্র ওই চুক্তি করতে যাচ্ছিল বলে মমতার অভিযোগ। এরপর কেন্দ্রে পালাবদল ঘটেছে। সীমান্ত চুক্তির রূপায়ণে সংবিধান সংশোধন বিলকে সমর্থনের সিদ্ধান্তও মমতা নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও এই বিলকে তৃণমূল কংগ্রেসের সদস্যরা সমর্থন করেছেন। মমতা নিজেও সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে ছিটমহলবাসীর এই বিল সমর্থনের কথা জানিয়ে এসেছেন। চলতি মাসের ২৩ তারিখ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই সীমান্ত বিল পাস করা হবে।
এর আগে মমতা একবার মাত্র বাংলাদেশে গিয়েছিলেন, ১৯৯৮ সালে। প্রথম আলোকে তিনি বলেন, ‘তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আমিও তখন কংগ্রেস ছেড়ে সবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। সেই সময় একটা যুব সম্মেলনে ঢাকা গিয়েছিলাম।’ এবার তিনি ঢাকা যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ যোগাযোগ অনেক দিনের’ জানিয়ে মমতা বলেন, এ সফরে দুই দেশের মৈত্রী আরও দৃঢ় হবে।