মুক্তি পেল লক্ষ্মীপেঁচা
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে গতকাল শনিবার বিপন্ন প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা গ্রামবাসীর হাতে ধরা পড়েছে। পরে বন বিভাগ লক্ষ্মীপেঁচাটিকে উদ্ধার করে বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত করে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের শাহীনুল ইসলাম তাঁর ঘরের দরজা-জানালা খুলতেই একটি লক্ষ্মীপেঁচা ঘরে ঢুকে পড়ে। শাহীনুল ইসলাম প্রথম আলোকে জানান, এ সময় তিনি লক্ষ্মীপেঁচাটি ধরে খাঁচাবন্দী করেন। বন বিভাগ জানিয়েছে, আগে প্রায় বাড়িতে লক্ষ্মীপেঁচা দেখা গেলেও গাছপালা কমে যাওয়ায় আবাসস্থল নষ্ট ও খাদ্যসংকটের কারণে এই পাখিটি এখন বিপন্ন প্রায়। এই পাখি মাঝেমধ্যে বিভিন্ন গ্রামে এক-দুইটা লোকজনের হাতে ধরা পড়ে মারা পড়ছে। বন বিভাগ গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করে মৌলভীবাজার শহরতলির বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত করে।বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিট কর্মকর্তা চন্দন মজুমদার বলেন, ‘আমি লক্ষ্মীপেঁচাটি আটক অবস্থা থেকে নিয়ে আসি। পরে এটিকে বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।’