মুক্তি পেলেন আইনজীবী শাকিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাস দমন আইনের দুই মামলায় গ্রেপ্তার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ আমিরুল ইসলাম গতকাল বলেন, উচ্চ আদালত থেকে শাকিলা ফারজানার জামিননামা কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে শাকিলাসহ তিন আইনজীবীকে গত বছরের ১৮ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে চট্টগ্রামের হাটহাজারী ও বাঁশখালী থানায় করা সন্ত্রাস দমন আইনের দুই মামলায় তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত শেষে র্যাব দুই থানার মামলায় তিন আইনজীবীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।