মুক্তি পেলেন আদিলুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিলুর রহমান খান
আদিলুর রহমান খান

মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তি পেয়েছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আদিলুর রহমান খানকে গত মঙ্গলবার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। বুধবার সরকারপক্ষ জামিনের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজের কাছে আপিল করে। চেম্বার জজ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
বৃহস্পতিবার রাতে আদিলুর রহমানের জামিনের কাগজপত্র গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ পৌঁছায়। বেশি রাত হওয়ায় রাতে মুক্তি না দিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে গতকাল সকাল ১০টায় তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর স্বজন ও অধিকারের কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১০ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুরকে গ্রেপ্তার করে। ১১ আগস্ট তাঁকে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা হয়।

আদিলুরের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর ডেপুটি জেলার মোশফিকুর রহমান।