মুক্তি পেলেন আনসার আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মামলায় ২৩ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন রিকশাচালক আনসার আলী। এ বিষয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের আদেশের কপি গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়।
আনসার আলীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল গ্রামে। গত সোমবার প্রথম আলোয় ‘মামলা নেই, তবু কারাগারে আনসার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে মুক্তির আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নামে পাঠানো একটি প্রতারণা ও আত্মসাতের মামলার গ্রেপ্তারি পরোয়ানায় গত ৩০ সেপ্টেম্বর রাতে দোয়ারাবাজার থানার পুলিশ আনসার আলীকে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু ওই আদেশের কপি ঢাকার সংশ্লিষ্ট আদালতে পাঠানোর পর দেখা যায়, গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া। যে মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে, সেই মামলায় আনসার আলীর নাম নেই। আদালতের নাম ও ভুয়া সিল-স্বাক্ষর দিয়ে এটি পাঠানো হয়েছিল।
গতকাল আনসার আলী মুক্তি পেয়ে বের হওয়ার সময় কারাফটকে তাঁর স্ত্রী রোজিনা বেগম তাঁদের দুই শিশুসন্তান জামিল ও মিমকে নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় আনসার আলী বলেন, ‘আমার বসতভিটা দখলের জন্য গ্রামের একটি প্রভাবশালী পক্ষ মিথ্যা পরোয়ানায় আমাকে গ্রেপ্তার করিয়ে জেল খাটিয়েছে। এর আগেও তারা আমাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু পারেনি।’
সুনামগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ ফণীভূষণ দেবনাথ জানান, আদালতের আদেশের কপি পাওয়ার পরই আনসার আলীকে মুক্তি দেওয়া হয়েছে।