মুক্তি পেলেন ইনকিলাবের দুই সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইনকিলাব-এর বার্তা সম্পাদক রবিউল্লা রবি ও উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ আজ শুক্রবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। তাঁরা গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালত থেকে তাঁরা জামিন পান। পত্রিকার নিজস্ব প্রতিবেদক আতিকুর রহমানও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ জানুয়ারি দৈনিক ইনকিলাব-এর ওয়েবসাইট ও ছাপানো কপিতে ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় ওয়ারী থানার পুলিশ বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে ওই রাতেই ইনকিলাব কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম এম এ সালাম ১০ হাজার টাকা মুচলেকা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। আজ বেলা একটার দিকে তাঁদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। এরপর তা যাচাইবাছাই শেষে বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়।