মুক্তি পেলেন এম এ মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তির পর এম এ মান্নান
মুক্তির পর এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে তিনি মুক্তি পান।
কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, উচ্চ আদালত থেকে এম এ মান্নানের জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে গতকাল দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি গত বছরের ১৬ এপ্রিল থেকে এই কারাগারে বন্দী ছিলেন।
এম এ মান্নান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি কারামুক্ত হচ্ছেন এমন খবরে সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কারাফটকে উপস্থিত হন। কারাফটক থেকে তিনি বেরিয়ে এলে দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এম এ মান্নানের আইনজীবী শহীদুজ্জামান বলেন, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। হাইকোর্ট থেকে সর্বশেষ জামিন লাভ করে গত বছরের ২ মার্চ তিনি কারামুক্ত হন। এপ্রিলে তিনি মেয়র পদ ফিরে পান। গত বছরের ১৫ এপ্রিল তাঁকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মাসে তাঁকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। সব কটি মামলায় তিনি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
এম এ মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।