২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় পুলিশের সাবেক তিন মহাপরিদর্শকসহ (আইজিপি) পাঁচ কর্মকর্তা গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে এ মামলায় জামিন পেলেও সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুস রশীদ কারাগার থেকে মুক্তি পাননি।ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, গত সোমবার পুলিশের সাবেক ছয় কর্মকর্তার জামিনসংক্রান্ত আদালতের আদেশ কারাগারে পৌঁছায়। কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল পাঁচজনকে মুক্তি দেওয়া হয়। তাঁরা হলেন: সাবেক আইজিপি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখস চৌধুরী এবং সিআইডির সাবেক এএসপি মুন্সী আতিকুর রহমান ও সাবেক তদন্ত-তদারক কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রহুল আমিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সিআইডির সাবেক এএসপি আবদুর রশীদের বিরুদ্ধে অপর একটি মামলা থাকায় তিনি ুক্তি পাননি। বিএনপির জোট সরকার আমলের সিআইডির প্রধান (পরে আইজিপি) খোদা বক্স চৌধুরী, তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সী আতিক ও আবদুর রশীদের বিরুদ্ধে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহ ও বলপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে মামলা বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হককে ঘটনার আগে ও পরে প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে আসামিদের গ্রেনেড হামলায় এবং তাদের পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ এনে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী নিহত হন।