মুক্তি পেলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হাইকোর্ট তাঁর ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করলে গতকাল মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়। নাটোর শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ কর্মকার (২৫) খুনের মামলায় ২০১২ সালের ৮ ডিসেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
নাটোর জেলা কারাগার সূত্র জানায়, রুহুল কুদ্দুস ১৩ মাস ১৩ দিন ধরে কারাগারে আটক ছিলেন। গত রোববার হাইকোর্ট তাঁর ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। অসুস্থতার কারণে তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তাই জামিনসংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পরপরই নাটোর কারা কর্তৃপক্ষ তা রাজশাহী কারাগারের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে বেলা তিনটায় মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর রুহুল কুদ্দুস গতকাল বিকেলে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার মিথ্যা মামলায় তাঁকে দীর্ঘদিন অন্যায়ভাবে আটক রেখেছিল। তাঁর আইনজীবী আমিনুল হক বলেন, রাষ্ট্রপক্ষ গত সোমবার হাইকোর্টের দেওয়া তাঁর জামিনাদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজের কাছে আবেদন করে। শুনানি শেষে বিচারক তা নাকচ করে জামিন বহাল রাখেন।
২০১২ সালের ৮ ডিসেম্বর রাতে রুহুল কুদ্দুস তালুকদারের আলাইপুরের বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে পলাশ কর্মকার নিহত হন। এই ঘটনায় পুলিশ ওই রাতেই রুহুল কুদ্দুসকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। নাটোর জেলা বিএনপি তাঁর মুক্তির দাবিতে হরতালসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিল।