মুক্তি পেলেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারাগারের জেলার মো. নাশির আহমেদ বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে মির্জা ফখরুলের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তাঁর জামিনের কাগজ-পত্র যাচাই-বাছাই করে রাত পৌনে আটটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন গত ৩০ নভেম্বর বহাল রাখেন আপিল বিভাগ।
২৪ নভেম্বর পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানায় ছয়টি ও মতিঝিল থানায় একটি মামলা আছে।