মুক্তি পেলেন মির্জা ফখরুল
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাশিমপুর কারাগারের পার্ট-২ থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ছাড়া পান তিনি।
মুক্তির পর কারাফটকে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীরসহ দলীয় নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।
কারাগার সূত্র জানায়, মির্জা ফখরুলের জামিনসংক্রান্ত কাগজপত্র গতকাল সন্ধ্যার দিকে কারাগারে আসে। সেগুলো যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলকে মুক্তি দেওয়া হয়।
পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্টের দেওয়া জামিন গত সোমবার বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে ২৪ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ ফখরুলকে তিন মাসের জামিন দেন। ওই জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন নিয়ে গেলে বিচারক বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগ তাঁর জামিন বহাল রাখেন ।