মুক্তি পেলেন যুবলীগ নেতা বাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলওয়ের সিআরবিতে টেন্ডার নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হওয়ার মামলার আসামি যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবরসহ ১২ জন জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপবৃত্তিবিষয়ক সম্পাদক কামরুল হাসান রায়হান, সদস্য রায়হান মাহমুদ, যুবলীগের কর্মী আবদুল্লাহ আল মামুন, সুজয় মান বড়ুয়া, ফয়সাল আহমেদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ জাফর, আমির হোসেন ও রাজেশ বিশ্বাস।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের জানান, কারাগারে আটক হেলাল আকবর চৌধুরী বাবরসহ আসামিদের জামিনের আদেশ পাওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাঁরা উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনের কাগজ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত থেকে কারাগারে পৌঁছালে আজ তাঁদের মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৪ জুন নগরের সিআরবি ভবনে রেলের টেন্ডার নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনায় বাবর-লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। পরে বাবর, লিমনসহ ৫৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমনসহ চারজন গত ৪ আগস্ট জামিনে মুক্তি পান।