মুক্তি পেলেন শহীদ উদ্দিন চৌধুরী
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রোববার রাতে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জামিনের কাগজপত্র যাচাইবাছাই করে রাত ৯ টার দিকে তাঁকে মুক্তি দেয় কারাগার কর্তৃপক্ষ।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরীর জামিনের কাগজপত্র রোববার দুপুরে কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে তাঁকে রাত ৯টার দিকে মুক্তি দেওয়া হয়।
শহীদ উদ্দিন চৌধুরীকে গত ২৯ জানুয়ারি ওই কারাগারে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে হত্যা ও নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ পল্টন থানার নাশকতা মামলায় দুই দিন আগে জামিন পান তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, মুক্তি পেয়ে রাত ৯টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী কারাগার থেকে বের হয়ে যান। এ সময় কারা ফটকে তাঁর পরিবারের লোকজন ও দলীয় কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।