মুক্তি পেলেন সাংসদ রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারি দলের সাংসদ গোলাম মাওলা রনি গতকাল সোমবার কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন। সাংবাদিক পেটানোর অভিযোগে করা এক মামলাসহ তিন মামলায় ১০ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।
কারাগার থেকে বের হয়ে রনি সাংবাদিকদের বলেন, ‘জেলখানা মানুষের জীবনের একটি বিরাট শিক্ষাক্ষেত্র। আমি প্রায় এক মাস ২০ দিন জেল খাটলাম। জেল খাটার পরে সেখান থেকে আমি যে শিক্ষা পেলাম, আমার চেষ্টা থাকবে এই শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে পথ চলার।’
বিচার বিভাগ সম্পর্কে রনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি আমার আস্থা আছে। এখান থেকেই আমি জামিন পেয়ে মুক্তি পেয়েছি। আমার বিরুদ্ধে তিনটি মামলা ছিল। মামলা তিনটি বিচারাধীন, তাই সেগুলো নিয়ে কথা বলা সমীচীন হবে না।’
কাশিমপুর কারাগার-২-এর কারাধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, সকাল নয়টার দিকে রনির জামিনের কাগজ কাশিমপুর কারাগার-২-এ আসে। তা যাচাই-বাছাই শেষে বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত ২০ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটানোর অভিযোগে মামলা হয় সাংসদ রনির বিরুদ্ধে। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ২৪ জুলাই জামিন বাতিল করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ১১ আগস্ট প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে গলাচিপা থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়।