মুক্তি পেয়ে আবার গ্রেপ্তার ডিপজল
জামিনে মুক্তি পাওয়ার পর আবারও গ্রেপ্তার হয়েছেন চলচ্চিত্র-অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল। গতকাল রোববার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ডিপজলের জামিন মঞ্জুর করেন। এরপর বিকেলে কারাফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মাহববুর রহমান প্রথম আলোকে বলেন, হরতালের সময় মিরপুর এলাকায় একটি গাড়ি পোড়ানোর মামলায় ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জুন বিএনপি আহুত হরতালের সময় মিরপুর থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে ওই মামলাটি হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান জানান, কারাফটক থেকে ডিপজলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।আদালত সূত্র জানায়, এক দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডিপজলকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ডিপজলের আইনজীবীরা জামিনের আবেদন জানালে মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল মজিদ তা মঞ্জুর করেন।গত ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল এক পুলিশ সদস্যকে মারধর করেন। এ সময় তিনি ওই পুলিশ সদস্যকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই পুলিশ সদস্য মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। ১২ দিন পালিয়ে থাকার পর গত ২৮ নভেম্বর রাতে ডিপজল রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।