মুক্তি পেয়েই কামরুজ্জামানের সমর্থককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পেয়ে নরসিংদী পৌরসভার মেয়র পদপ্রার্থী কামরুজ্জামানের সমর্থকের ওপর হামলা চালিয়েছে আসামি মামুন মিয়া। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় রাহুল মিয়া নামের এক সমর্থককে কুপিয়ে জখম করেন তিনি। মামুন লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি ও মেয়র পদপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার সমর্থক।রাহুলকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে রাহুল সাংবাদিকদের বলেন, রাত ১০টার দিকে তিনি ভেলানগর এলাকায় বাড়ির সামনে ছিলেন। এ সময় মামুন ১৫-২০ জন যুবক নিয়ে তাঁকে মোন্তাজের পক্ষে কাজ করার নির্দেশ দেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে মামুন ও তাঁর লোকজন বেল্ট দিয়ে পেটান। তবু তিনি অস্বীকৃতি জানালে তাঁর ডান হাতে চাপাতি দিয়ে তিনটি কোপ দেওয়া হয়। পরে তাঁর চিৎকার শুনে এগিয়ে আসে লোকজন। পালিয়ে যান মামুন ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার পর উপস্থিত লোকজন রাহুলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন নরসিংদী সদর আসনের আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম, মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মিয়া বলেন, রাহুলের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাতে সেলাই দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে।এ ব্যাপারে নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ও মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান রাতে হাসপাতাল প্রাঙ্গণে বলেন, ‘লোকমান হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার আগে আমরা আদালতকে বলেছিলাম যে আসামিরা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই পরিপ্রেক্ষিতে আজ জামিনে মুক্তি পেয়েই আসামি মামুন আমার সমর্থকের ওপর নৃশংস হামলা চালাল।’হামলার ব্যাপারে মামুন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘আসামি মামুন মিয়া চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত। রাহুল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।’সদর থানার ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাহুলের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। লোকমান হত্যা মামলার আসামি মামুন মিয়া, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ চার আসামিকে গতকাল জামিন দেন নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত।