মুক্তিপণ আদায় করে ছাড়া হলো দুই জেলেকে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের ইউনুছ গাজীর ছেলে ইব্রাহিম গাজী (২৫) এবং একই গ্রামের তাজেল গাজীর ছেলে জিয়ারুল গাজী (৩০)।
ইউনুছ গাজী জানান, তাঁর ছেলে ইব্রাহিম এবং জিয়ারুল ১৩ ফেব্রুয়ারি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়। পরদিন সুন্দরবনের আড়পাঙ্গশিয়া নদীর মুরালিয়া এলাকায় কাঁকড়া ধরার সময় বনদস্যু আলিম বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে। পরে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। চার দিন আটক রাখার পর একই নদীর গোলাবক্স এলাকায় ৩০ হাজার টাকা পৌঁছে দেওয়ার পর দুজনকে একটি ডিঙ্গি নৌকায় তুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে তাঁরা বাড়িতে ফিরেছেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. কেরামত আলী মল্লিক জানান, অপহরণ কিংবা আটক করা হলে জেলেরা সাধারণত তাঁদের জানান না।
শ্যামনগর থানার ওসি সগীর মিয়া জানান, ভয়ের কারণে অপহরণের খবর জেলেরা সাধারণত পুলিশকে জানান না। নিজেরাই মিটিয়ে ফেলেন।