মুক্তিপণ আদায় করেও চিনে ফেলায় স্কুলছাত্রকে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই মাস আগে অপহূত স্কুলছাত্র রবিনকে গলা কেটে হত্যা করেছেন তারই চাচাতো ভাই ইলিয়াস হোসেন খান (১৯) ও তাঁর সহযোগীরা। গত বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন।
রবিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঈমানখাঁ পাড়ার হাসমত খাঁর ছেলে ও স্থানীয় কেকেএস শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ইলিয়াস হোসেন খান তার চাচা কাসেম খাঁর ছেলে।
জবানবন্দিতে ইলিয়াস জানান, গত বছরের ১৪ নভেম্বর রবিনকে অপহরণের আগে দৌলতিদয়া ঘাটের রাজশাহী-নাটোর-মোহনপুর বোর্ডিংয়ে বসে তাঁরা সাত-আটজন পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ওই দিন সন্ধ্যায় রবিনকে তুলে নেওয়ার পর সে তাঁকে চিনে ফেলে। টাকা পাওয়ার পর রবিনকে ছেড়ে দিলে বিপত্তি ঘটতে পারে—এ আশঙ্কায় ওই দিন দিবাগত রাতে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের গভীর কাশবনে নিয়ে গলা কেটে হত্যা করেন। কিন্তু পরিবারের কাছ থেকে রবিন জীবিত আছে বলে চার দফায় এক লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন।
রবিন নিখোঁজ হওয়ার সপ্তাহ খানেক পর পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ অভিযোগের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহাম্মেদ জানান, গত মঙ্গলবার রাতে ডাকাতি ও যৌনপল্লির একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দৌলতদিয়া যৌনপল্লি থেকে আলিম উদ্দিনকে (১৮) আটক করা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রবিন অপহরণের সঙ্গে জড়িত নন বলে জানান। পরদিন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লি থেকে ইলিয়াস হোসেন খানকে আটক করা হয়। ওই রাতে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রবিন অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। সেখানকার একটি জঙ্গল দেখিয়ে ইলিয়াস পুলিশকে জানান, তিনি ও আলিম উদ্দিনসহ কয়েকজন মিলে এখানে রবিনকে গলা কেটে হত্যা করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় লাশের অস্তিত্ব না পেলেও সেখানে রবিনের একটি স্যান্ডেল পাওয়া গেছে।
পরে ওই দিন বিকেলে ইলিয়াসকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই ফিরোজ আরও জানান, রবিন অপহরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এর আগে লোকমান হোসেন, আজিজল ওরফে আইজ্জাল সরদার ও মজিবর শেখ নামের তিনজনকে আটক করা হয়। কিন্তু তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে ইলিয়াস জানিয়েছেন।