মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ ও মুক্তিপণ আদায়ের আন্তর্জাতিক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা ও নোয়াপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন সাতক্ষীরার কলারোয়া থানার আলাইপুর গ্রামের মো. আহসান হাবিব খান ও রুহুল আমিন খান এবং কলারোয়া বাজারের ইমরুল ইসলাম ওরফে টিটু। গতকাল দুপুরে খুলনায় র্যাব ৬-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি কোম্পানির ছয় কর্মীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ১০ যুবক মালয়েশিয়ায় যান। তাঁরা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ কতিপয় বাংলাভাষী ব্যক্তি এগিয়ে এসে তাঁদের সঙ্গে পরিচিত হয়ে কুশলাদি জানতে চান। ওই ১০ যুবক কুয়ালালামপুর বাংলা মার্কেটে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। অপেক্ষমাণ ব্যক্তিরা জনপ্রতি ১০ রিঙ্গিত ভাড়ার বিনিময়ে গাড়িতে করে বাংলা মার্কেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে তাঁরা রাজি হন। গাড়িতে তোলার পর তাঁরা ১০ জনকে মাইক্রোবাসে করে কুয়ালালামপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে অজ্ঞাত স্থানের একটি ঘরে নিয়ে আটকে রাখেন। পরে বাংলাদেশে তাঁদের অভিভাবকদের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করেন এবং মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করেন।
অভিভাবকেরা অপহরণকারী চক্রের বাংলাদেশে অবস্থানরত অন্য সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন। বিকাশসহ বিভিন্ন মাধ্যমে তাঁরা মুক্তিপণের ২৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে অপহৃত ৮ ব্যক্তিকে মালয়েশিয়ায় থেকে মুক্ত করে দেশে ফেরত আনেন। অন্যদিকে মুক্তিপণের পুরো টাকা না দেওয়ায় অপহরণকারীরা বাকি ২ জনকে মালয়েশিয়ায় আটকে রাখেন। ওই দুই ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।
মালয়েশিয়ায় অপহৃত একজনের বাবা ঢাকায় র্যাব সদর দপ্তরে অভিযোগ করেন এবং মুক্তিপণের টাকা ও অপহৃত দুজনকে উদ্ধারে সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ খুলনার সিপিসি-১-এর একটি গোয়েন্দা দল অনুসন্ধানকালে সাতক্ষীরার কলারোয়া থানার বিকাশ এজেন্ট ইমরুল ইসলাম ওরফে টিটুকে জিজ্ঞাসাবাদ করে। সে সময় তাঁর এজেন্ট নম্বরে অস্বাভাবিক অর্থ লেনদেনের বিষয়টি নজরে আসে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত অপহরণকারী চক্রের অন্য সহায়তাকারীদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। ইমরুল ইসলাম র্যাবের গোয়েন্দা দলের মুক্তিপণের টাকা অনুসন্ধানের বিষয়টি অপহরণকারী চক্রের অন্য সদস্যদের জানিয়ে দেন এবং তিনিসহ মুক্তিপণ আদায় চক্রের অন্য সদস্যরা আত্মগোপন করেন। পরে অপহরণকারীদের মুঠাফোন ট্র্যাক করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. আহসান হাবিব খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। হাবিবের দেওয়া তথ্যমতে নোয়াপাড়া তিন রাস্তার মোড় থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।