মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালামে আট বছরের শিশু সিফাত আলী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলাম জিজ্ঞাসাবাদে বলেছেন, বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করে তিনি মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিলেন। দুই মাস ধরে বেকার থাকায় ধনী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি এ বুদ্ধি আঁটেন।এ হত্যা মামলার তদারকি কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামান গতকাল বৃহস্পতিবার জানান, ডিবির জিজ্ঞাসাবাদে জহিরুল এসব কথা বলেছেন। জিজ্ঞাসাবাদে মুক্তিপণ দাবি ও শিশুটিকে হত্যার কথা তিনি স্বীকার করেন। জহিরুল বলেছেন, আর্থিক সংকট থেকে তাঁর মনে হঠাৎ ধনী হওয়ার স্বপ্ন জাগে। গত সোমবার সকালে তিনি বাড়িওয়ালার ছেলে সিফাতকে দ্বিতীয় তলায় তাঁর ভাড়া করা ঘরে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে আটকে রাখেন। ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় রাতে তাকে হত্যা করা হয়। পরে লাশ কাপড়ের ব্যাগে ঢুকিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করা হয়। কিন্তু তিনি লাশ সরানোর কিংবা গুম করার সুযোগ পাননি।ডিবি পুলিশ জানায়, জহিরুলকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম আতিকুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সিফাত সোমবার বেলা ১১টা থেকে তাদের ৮৯/১ দারুস সালামের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা হযরত আলী দারুস সালাম থানায় মামলা করেন। ডিবি পুলিশ মঙ্গলবার মধ্যরাতে মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে বাড়ির নিচতলা থেকে জহিরুলকে আটক এবং দোতলায় তাঁর ঘরে ব্যাগ থেকে সিফাতের লাশ উদ্ধার করে। এ মামলার তদন্ত করছে ডিবি পুলিশ।ডিবির কর্মকর্তা মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল বলেছেন, মুক্তিপণের টাকা নিতে তিনি লোকও নিয়োগ করেছিলেন।ডিবি পুলিশ জানায়, হত্যার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় আটক অন্য ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।সিফাত হত্যাকাণ্ডে দারুস সালাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘুরেফিরে সবার একটাই প্রশ্ন, কী দোষ ছিল এই শিশুটির? তাঁরা জহিরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।গতকাল সিফাতদের বাসায় গিয়ে দেখা যায় সিফাতের পড়ার টেবিলের ওপর তার স্কুলব্যাগ, বইখাতা। দেয়ালের সঙ্গে হ্যাঙ্গারে ঝুলছে তার কাপড়। ছেলের বই-কাপড় বুকে জড়িয়ে বিলাপ করছেন শাকিলা বেগম। হযরত আলী শোকে পাথর হয়ে গেছেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।