মুক্তিপণ আদায়ের সময় চারজন গ্রেপ্তার
যশোরের বেনাপোলের ব্যবসায়ী আজিজুল ইসলামকে (৩৮) খুলনায় জিম্মি করে মুক্তিপণ আদায়কালে গত বুধবার সন্ধ্যায় এক লাখ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোলের ছাদিপুরের ক্ষুদ্র ব্যবসায়ী আজিজুল ইসলাম ওরফে মুকুল গত বুধবার দুপুর সাড়ে ১২টায় নিজস্ব কাজে খুলনা নগরের পিটিআই মোড়ে এলে চারজন তাঁকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে মারধর করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহূত মুকুল মোবাইলে তাঁর পরিবারকে জানালে তারা এস এ পরিবহনের মাধ্যমে অপহরণকারীদের নামে এক লাখ টাকা পাঠায়। ওই টাকা উঠাতে গিয়ে সন্ধ্যা সাতটায় জেলা গোয়েন্দা পুলিশের হাতে নগরের জাহাঙ্গীর সাইদ (৩৪), মনিরুজ্জামান (৩৯) ও পারুল আলম (৩০) গ্রেপ্তার হন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে মিয়াপাড়ার ১ নম্বর গলির ৩ নম্বর বাড়ি থেকে ভাড়াটে আনিসুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করে মুকুলকে উদ্ধার করে পুলিশ। মুকুল বলেন, অপহরণের পর কয়েকবার দা দিয়ে তাঁকে জবাই করার চেষ্টা করা হয়। অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলে মুঠোফোনে তিনি তাঁর পরিবারকে এক লাখ টাকা পাঠাতে বলেন। তারা বিষয়টি পুলিশকে জানায়।গ্রেপ্তার জাহাঙ্গীর সাইদ বলেন, ‘আনিসুর রহমানের স্ত্রী মুন্নি বেগমের কাছ থেকে অনৈতিক কাজে একজন ধরা পড়ার খবর পেয়ে তাঁদের বাড়ি যাই। সেখানে তাঁর কাছে মুক্তিপণ দাবি করি।’ পারুল বলেন, ‘আমি অভাবের তাড়নায় তাদের সঙ্গে এই কাজ করেছি।’নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোল্লা আজাদ হোসেন বলেন, এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। বিভিন্ন সময় ফাঁদ তৈরি করে এভাবে মানুষকে জিম্মি করে মুক্তিপণ নেয়। এ ঘটনায় মামলা হয়েছে।