মুক্তিপণ দাবি টঙ্গীতে এনে ছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আউচপাড়ার ফ্ল্যাটবাড়িতে খুন হওয়া তরুণের নাম-পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানা গেছে। তাঁকে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এমনকি গত শুক্রবার রাতে লাশ উদ্ধারের পর শনিবারও মুক্তিপণ চাওয়া হয়। নিহত নাজমুল ইসলাম (২৩) জামালপুর সদর উপজেলার চরশীখলিফাপাড়ার আব্দুন নূর খলিফার ছেলে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়তেন। এর আগে গত ২৩ জুলাই আউচপাড়ার একই ফ্ল্যাটবাসার বাসিন্দা উত্তরা ইউনিভার্সিটির ছাত্র আবদুর রহমান ওরফে রিয়াদকে অপহরণ করে জামালপুরে নিয়ে খুন করা হয়।
দুটি হত্যাকাণ্ডের সঙ্গে একই ফ্ল্যাটের সম্পর্ক থাকায় পুলিশ বাড়ির মালিক জামায়াতের কর্মী নেয়ামত উল্লাহকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নাজমুলের বড় ভাই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কেরানীগঞ্জ শাখার সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তাঁর ছোট ভাই নাজমুল বন্ধুর বাসায় বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার থেকে অপহরণকারীরা নাজমুলের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করছিল। এমনকি গত শনিবার তারা মুক্তিপণের টাকা চায়।