পাঁচজন গ্রেপ্তার, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
মুক্তিপণ দিয়ে চার চিংড়ি ঘের মালিক মুক্ত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী থেকে অপহূত চার চিংড়িঘেরমালিককে দুই লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে মুক্তি দিয়েছে বনদস্যুরা। গত বুধবার গভীর রাতে জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম গাবুরায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। ওই এলাকায় বনদস্যু আমির বাহিনীর প্রধান আমির হোসেনের বাড়ি।
আমির বাহিনী গত সোমবার গভীর রাতে শ্যামনগরের ভেটখালী গ্রামের বাসিন্দা ও চিংড়িঘেরের মালিক দেবব্রত মণ্ডল (২৫), কার্তিক গাইন (৫০), প্রণব বিশ্বাস (৩২) ও জিতেন্দ্র মণ্ডলকে (৫৪) অপহরণ করে। মুক্তিপণ বাবদ আট লাখ টাকা তিন দিনের মধ্যে পৌঁছে না দিলে তাঁদের হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে অপহূত ব্যক্তিদের স্বজনেরা জানান, দর-কষাকষি করে দুই লাখ ৮০ হাজার টাকা দেওয়ার পর চারজনকে মুক্তি দেয় দস্যুরা। বৃহস্পতিবার ভোরে চারজন বাড়িতে ফেরেন। মুক্তি পাওয়ার বিষয়টি কাউকে না জানাতে দস্যুরা তাঁদের হুমকি দিয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, ‘চার চিংড়িঘেরমালিক কত টাকা দিয়ে মুক্তি পেয়েছেন জানি না। বুধবার গভীর রাতে তাঁরা বাড়ি ফিরেছেন বলে জানতে পেরেছি।’
অপহরণের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মঙ্গলবার দুই ভারতীয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শ্যামনগরের গোলাখালী গ্রামের বাসিন্দা জামির আলী (৪২) ও উজ্জ্বল কুমার মণ্ডল (২৮), কালিঞ্চি গ্রামের আনছার আলী (৫২), ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালী গ্রামের প্রিয়জিৎ মণ্ডল (২২) ও বিদ্যুৎ অধিকারী (২৫)।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ: গ্রেপ্তার হওয়া জামির আলীর স্ত্রী আকিরুন বিবি গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তাঁর স্বামী চিংড়িঘেরে কাজ করে জীবিকা নির্বাহ করেন। অপরাধীদের ধরতে তিনি বিভিন্ন সময়ে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। এতে একটি মহল দীর্ঘদিন ধরে তাঁর ওপর ক্ষিপ্ত। ওই মহল শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খানকে দিয়ে তাঁর স্বামীকে গ্রেপ্তার করিয়েছে। গ্রেপ্তারের পর তাঁর স্বামীকে দীর্ঘক্ষণ থানায় আটকে নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। ওসি আসলাম দাবি করেন, জামির আলী ওরফে জামুর নেতৃত্বে সুন্দরবনে জামু বাহিনী রয়েছে। অপহূত প্রণব বিশ্বাসের ভাই প্রিয়জিৎ বিশ্বাস জামির আলীর নাম উল্লেখ করে অপহরণের মামলা করেছেন। তিনি কোনো মহলের কাছ থেকে প্ররোচিত হয়ে জামিরকে গ্রেপ্তার করেননি।