মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন দুই মৌয়াল
মুক্তিপণের দাবিতে পশ্চিম সুন্দরবন থেকে অপহৃত দুজন মৌয়ালকে ২৫ হাজার টাকা ও দুই মণ মধু নিয়ে ছেড়ে দিয়েছে বনদস্যু বাহিনী। গত শুক্রবার তাঁরা বাড়িতে ফিরে আসেন।
শ্যামনগর উপজেলার জায়াখালি গ্রামের ফিরে আসা মৌয়াল খায়রুল ইসলাম জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন থেকে অনুমতি নিয়ে তিনিসহ ১০ সদস্যের একদল মৌয়াল ১ এপ্রিল সুন্দরবনে যান। ৫ এপ্রিল কৈখালি স্টেশনের দাঁতনেখালি খালের পাশে মধুর চাক সন্ধান করার সময় তাঁরা দস্যু রেজা বাহিনীর খপ্পরে পড়ে। রেজা বাহিনীকে টাকা দেওয়ার টোকেন দেখাতে না পারায় তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
খায়রুল ইসলাম আরও বলেন, তাঁকে একটি নৌকার মধ্যে আটকে রেখে হাত বেঁধে বেধড়ক মারধর করা হয়। শুক্রবার সকালে বিকাশে নির্ধারিত মুঠোফোন নম্বরে ১৫ হাজার টাকা ও নির্ধারিত স্থানে এক মণ (এক কনটেইনার) মধু পৌঁছে দেওয়া হয়। পরে তাঁকে রায়মঙ্গল নদীর কাটামুখের চর থেকে একটি নৌকায় তুলে দেওয়া হয়। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন।
একইভাবে কৈখালির মৌয়াল লিয়াকত আলীকে ৮ এপ্রিল অপহরণ করা হয়। বিকাশ করে ১০ হাজার টাকা ও এক মণ মধু দেওয়ার পর তাঁকে ছাড়া হয়।
সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন কর্মকর্তা এস এম জামাল জানান, মৌয়াল অপহরণের কোনো খবর তাঁর জানা নেই।