মুক্তিপণ দিলেও উদ্ধার হয়নি শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অপহরণকারীদের মুক্তিপণ দিয়েও অপহৃত নাঈম বাবু (১০) নামের শিশুকে উদ্ধার করা যায়নি৷ গত সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার নিজ নাটাবাড়ী গ্রামের কৃষক আবু হানিফের ছেলে নাঈম বাবু ধুনট-গোসাইবাড়ী সড়কের পাশের বড়বিলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র৷ সোমবার সকাল নয়টার দিকে সহপাঠী ইব্রাহিমের (১০) সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদ্রাসায় যাচ্ছিল৷ ইব্রাহিম বড়বিলায় একই মাদ্রাসার অন্য একটি শাখার ছাত্র৷ ইব্রাহিম নেমে যাওয়ার পর মাত্র ২০০ গজ দূরে একই মাদ্রাসার হাফেজি শাখায় যাওয়ার পথে নাঈম বাবু অপহৃত হয়৷ দুপুরে শিক্ষকেরা নাঈমকে মাদ্রাসায় না দেখে তার বাড়িতে খবর দেন৷ এরপর পরিবারের লোকজন তাকে স্বজনদের বাড়ি খোঁজ করতে থাকেন৷ ইব্রাহিম বলে, তিনজন অপরিচিত লোক আগে থেকেই ওই অটোরিকশায় বসা ছিল৷
আবু হানিফ জানান, এ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে তাঁর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা৷ পরে ৩০ হাজার টাকা দেওয়ার কথা চূড়ান্ত হয়৷ বিষয়টি তিনি থানার পুলিশকে জানান৷ এরপর ছেলেকে ফিরে পেতে তিনি অপহরণকারীদের কথামতো ওই নম্বরে রাত সাড়ে নয়টার দিকে পাঁচ হাজার ১০০ টাকা বিকাশ করেন৷ পরে রাত দুইটার দিকে বাকি ২৫ হাজার টাকা দিয়ে নাঈমকে বগুড়া শেরপুর এলাকা থেকে আনতে যেতে বলা হয়৷ সেই মোতাবেক তিনি টাকা নিয়ে গেলেও অপহরণকারীরা আর আসেনি৷ গতকাল বুধবার সকাল নয়টার দিকে আবারও অপহরণকারীরা ১০ হাজার টাকা চায়৷ তিনি তাদের ওই টাকা বিকাশ করেন৷ কিন্তু তাঁর ছেলের মুক্তি মেলেনি৷