মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ছয় জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুদের আড়াই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ভোলার মনপুরা উপজেলার জেলেরা মাছ ধরার দুটি ইঞ্জিন নৌকা ও অপহূত ছয় জেলেকে ছাড়িয়ে এনেছেন। ২১ ফেব্রুয়ারি ভোরে হাতিয়ার জলদস্যু মুন্সিয়া বাহিনী মেঘনার চর নিজামসংলগ্ন মেঘনা থেকে জেলেদের অপহরণ করে। জেলেরা জানান, প্রতিদিনের মতো তাঁরা গত সোমবার ভোর রাতে মাছ ধরতে বের হন। মনপুরা চর নিজাম সীমানাসংলগ্ন মেঘনায় জলদস্যুরা ১২টি ইঞ্জিন নৌকায় ডাকাতি করে। এ সময় ১০ জেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নদীতে ফেলে দেয় তারা। যাওয়ার সময় জাকির ও সাত্তার মাঝির মাছ ধরার দুটি নৌকাসহ ছয় জেলেকে নিয়ে যায়। এঁরা হচ্ছেন: জাকির মাঝি (৪৫), নুরুল ইসলাম (৪২), নুরনবী (৪০), সারোয়ার মেস্তুরী (৩৭), আবদুল গনি (২৫) ও কবির মাঝি (২৬)। তাঁদের বাড়ি মনপুরার সাকুচিয়া ইউনিয়নে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ‘মেঘনায় যেখানে ডাকাতি হয়েছে, সেটা আমাদের এলাকার বাইরে।’