বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অপহরণের সাত দিন পর বরগুনা ও পটুয়াখালীর ১৮ জন জেলে জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে জলদস্যুদের হাত থেকে ছাড়া পেয়েছেন। এখনো ৪৯ জন জেলে জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় জেলেদের মুক্ত করে আনতে পারছেন না গরিব স্বজনেরা।সোমবার অপহরণের সাত দিন পর ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে একটি ট্রলারসহ ১৮ জেলে ফিরে আসেন। তাঁদের মধ্যে চারজনের বাড়ি পাথরঘাটায়। ফিরে আসা জেলেরা হলেন: পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের শাহ আলম, ফোরকান, জলিল ও রুহিতা গ্রামের মোস্তফা। বাকি ১৪ জনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক ফিরে আসা এক জেলে জানান, মাছ ধরা অবস্থায় তাঁদের ‘কৃষ্ণসাগর’ নামের এক জলদস্যু বাহিনী অপহরণ করে। পরে চোখ বেঁধে তাঁদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অপহূত জেলেদের মধ্যে ১৮ জন জেলে ও একটি ট্রলার ফিরে এলেও অন্য ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কমান্ডার মুশফিকুর রহমান বলেন, ‘কোস্টগার্ডের পক্ষ থেকে অপহূত জেলেদের উদ্ধারের জন্য সমন্বিত অভিযান চলছে।’