মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন দুই জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনদস্যু জিয়া বাহিনীর হাতে অপহৃত দুই জেলে মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়িতে ফিরে এসেছেন। গত সোমবার সন্ধ্যায় তাঁরা বাড়িতে ফিরে আসেন। তাঁদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে।

ফিরে আসা জেলেরা হলেন সিরাজুল শেখের ছেলে নূরুজ্জমান শেখ (২৪) ও মকবুল শেখের ছেলে ওয়াছ কুরুনি (২৮)।

জেলেদের স্বজনেরা জানান, দুজনের জন্য রোববার জিয়া বাহিনীকে ২০ হাজার টাকা দেওয়া হয়। পরে গহিন সুন্দরবন থেকে জিয়া বাহিনী তাদের একটি ডিঙিতে তুলে দেয়। সোমবার সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরে আসেন।

শুক্রবার সুন্দরবনের কাঠেশ্বর এলাকা থেকে তিন জেলেকে অপহরণ করে জিয়া বাহিনী। অন্যজন আবদুল করিম সানা গতকাল মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত বাড়ি ফেরেননি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বর্তমানে বনদস্যুদের তৎপরতায় সুন্দরবনে জেলেদের কাজ করা কঠিন হয়ে পড়েছে।