মুক্তিপণ দিয়ে ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের চার দিন পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছে চট্টগ্রামের সীতাকুেণ্ডর বাঁশবাড়িয়া এলাকার ফার্নিচার ব্যবসায়ী সাইফুল ইসলাম (২২)।
শনিবার রাত ১২টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা কসাইখানা এলাকায় হাত ও মুখ বেঁধে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, এক আসামিকে আটক করার পর অপহরণকারীরা সাইফুলকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। গত শনিবার রাতে ওই এলাকায় ফেলে দেওয়ার খবরে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতের নাম প্রকাশ করেননি তিনি।
মুক্তিপণের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে প্রথমে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়েছে বলে শুনেছেন। তারপর ৪০ হাজার টাকা দেওয়ার কথা শুনেছেন। সঠিক কত টাকা দেওয়া হয়েছে তা ওই মুহূর্তে তিনি নিশ্চিত করতে পারেননি।
গত মঙ্গলবার সাইফুলকে ফার্নিচারের ফরমায়েশের কথা বলে অজ্ঞাত এক ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে তুলে নিয়ে যায়।