মুক্তিপণ দিয়ে মুক্তি মিলছে নাবিকদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে দুই মাস ধরে আটক বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি ও এর নাবিকদের ছাড়িয়ে আনতে ৪২ লাখ মার্কিন ডলারে (প্রায় ৩০ কোটি টাকা) সমঝোতা হয়েছে। এই জাহাজে বাংলাদেশি ২৫ জন নাবিক এবং একজন নাবিকের স্ত্রী রয়েছেন।জানা গেছে, শুরুতে জলদস্যুরা নাবিকসহ জাহাজটি ছেড়ে দিতে ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬৩ কোটি টাকা) মুক্তিপণ দাবি করেছিল। প্রায় দুই মাস ধরে জলদস্যু ও জাহাজের মালিকের মধ্যে দরকষাকষি শেষে মধ্যস্থতাকারীর সহায়তায় মুক্তিপণের টাকা অর্ধেকে নামিয়ে আনা হয়। মুক্তিপণের অর্থ হস্তান্তরের আনুষঙ্গিক কিছু প্রক্রিয়া সম্পাদন এবং দলিলপত্র হস্তান্তরের কাজ চলছে।জাহান মণির মালিক মো. শাহজাহান গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয়েছে। এখন শুধু জাহান মণির ফিরে আসার অপেক্ষা। ওই জাহাজ চালিয়ে আনতে ২৫ জন নাবিকের আরেকটি দল ইয়েমেনে পাঠানো হচ্ছে।’জানা গেছে, জাহাজের মূল নাবিকদের ওই বন্দরে নামিয়ে আকাশপথে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে গতকাল শাহজাহান দেশে ফেরেন।এমভি জাহান মণি ইন্দোনেশিয়া থেকে খনিজ আকরিক নিয়ে গ্রিসে যাওয়ার পথে গত ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা এটি প্রায় এক হাজার ৪০০ নটিক্যাল মাইল দূরের সোমালিয়া উপকূলে নিয়ে যায়। সেখান থেকে জলদস্যুরা মুঠোফোন ও জাহাজের উপগ্রহ ফোন ব্যবহার করে মুক্তিপণের টাকা আদায়ে জাহাজের মালিকের সঙ্গে দরকষাকষি করে।জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিং সূত্রে জানা গেছে, জাহান মণির মালিকের সঙ্গে জলদস্যুদের সঙ্গে সমঝোতার বিষয়টি জিম্মি নাবিকদের স্বজনেরা বিভিন্নভাবে জেনেছেন। তবে স্বজনদের উদ্বেগ এখনো কাটছে না।একজন নাবিকের মা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জাহান মণি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে—এমন সংবাদ না পাওয়া পর্যন্ত তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠা কাটবে না। নাবিকসহ জাহাজটি ছাড়া পাচ্ছে—এমন সংবাদ এক মাস ধরে তাঁদের দেওয়া হচ্ছে।জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে আনতে তাঁদের স্বজনেরা ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রীসহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার দ্বারস্থ হয়েছেন। তাঁরা একাধিকবার সংবাদ সম্মেলন করেন।