মুক্তিপণ দিয়ে ২২ জেলে ও চারটি নৌকা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় জলদস্যু কালাম বাহিনীর সদস্যদের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২২ জেলেসহ চারটি ট্রলার উদ্ধার করা হয়েছে। মালিকপক্ষ গতকাল মঙ্গলবার তাঁদের উদ্ধার করে।তবে নিখোঁজ হওয়া দুজন জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁরা হলেন দৌলতখানের মো. সেলিম (৩২) ও বোরহানউদ্দিনের মো. ইব্রাহীম (২৮)।দৌলতখান উপজেলার মৎস্য ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, রোববার সাগর মোহনায় তাঁর এফবি হাজি, এফবি জাইমা, এফবি বশির-২ ও এফবি শামিম-২ নামে মাছ ধরার চারটি নৌকা দস্যুদের কবলে পড়ে। এসব নৌকায় মোট ৬৮ জন জেলে ছিলেন। গতকাল সকাল ছয়টার দিকে নগদ পাঁচ লাখ টাকার বিনিময়ে ২২ জন জেলে ও চারটি নৌকা জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়। জলদস্যুরা মুক্তিপণ হিসেবে নৌকায় থাকা ৩০ লাখ টাকার মালামাল রেখে দিয়েছে।