মুক্তিপণ না দেওয়ায়...
ফরিদপুরে অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণ না পেয়ে আজাদ বিশ্বাস নামের এক ব্যবসায়ীর হাতের কবজি ও আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার পুলিশ সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন থেকে তাঁকে উদ্ধার করেছে।
অপহরণের শিকার হওয়া ব্যবসায়ী আজাদ বিশ্বাস (২৭) সালথা উপজেলার ভাওয়াল গ্রামের মৃত বাকা বিশ্বাসের ছেলে। ভাওয়াল ইউনিয়নের কদমতলী বাজারে তাঁর ফ্ল্যাক্সি লোডের একটি দোকান আছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আজাদকে কদমতলী বাজার থেকে অপহরণ করে মোটরসাইকেলে কানাইপুর এলাকায় নিয়ে যায়। দুর্বৃত্তরা প্রথমে তাঁর পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পেয়ে পরে ৫০ হাজার টাকা দাবি করে।
হাসপাতালে চিকিৎসাধীন আজাদ জানান, প্রথমে মুক্তিপণের টাকা না পাওয়ায় গত রোববার অপহরণকারীরা তাঁর বাঁ হাতের তর্জনী চায়নিজ কুড়াল দিয়ে কেটে ফেলে। পরে তাঁর পরিবার মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও কোথায় পৌঁছে দিতে হবে, তা নিয়ে অপহরণকারীদের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ কারণে গতকাল বেলা তিনটার দিকে তারা চায়নিজ কুড়াল দিয়ে তাঁর ডান হাতের কবজি কেটে ফেলে।
এ সময় চিৎকার শুরু করলে এলাকাবাসী তাঁকে সেখান থেকে উদ্ধার করে কানাইপুর বাজারে নেওয়ার জন্য ভ্যানে তোলেন। পথে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, আজাদের ডান হাতের কবজি ও বাঁ হাতের তর্জনী কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।