অভাব-অনটনের কারণে চার লাখ টাকা মুক্তিপণ পাওয়ার আশায় স্কুলছাত্র হিমেলকে অপহরণ করা হয়েছিল। ওই মুক্তিপণ না পাওয়ায় হিমেলকে গলাটিপে হত্যা করে লাশ বালুর ঢিবির ভেতরে পুঁতে রাখার কথা স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন ওরফে মানিক এবং তাঁর স্ত্রী রুনা আখতার। গতকাল মঙ্গলবার ভোরে নওগাঁ থেকে গ্রেপ্তার হওয়া ওই দম্পতি দুপুরে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, রংপুর শহরের খলিফাপাড়া এলাকার আবদুল করিম ওরফে ভোলার ছেলে মেরাজ আহমেদ হিমেলকে (৮) গত শুক্রবার অপহরণ করেন ভাড়াটে মানিক ও তাঁর স্ত্রী বৃষ্টি। এরপর ওই দম্পতি হিমেলের পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে হিমেলকে খুন করেন তাঁরা। অপহরণের চার দিন পর গত সোমবার ভোলার বাড়ির পাশে বালুর ঢিবির ভেতরে হিমেলের লাশ পাওয়া যায়। এরপর থেকে মানিক ও বৃষ্টি গা ঢাকা দেন। রংপুর গোয়েন্দা পুলিশের একটি দল নওগাঁর বোয়ালিয়া এলাকা থেকে মানিক ও বৃষ্টিকে গ্রেপ্তার করে। ওই দম্পতি জানায়, তাঁরা প্রেম করে বিয়ে করেন। এরপর তাঁদের নামে মামলা হয়। মামলার পর তাঁরা দুই-তিন মাস আগে নওগাঁ থেকে পালিয়ে রংপুরে এসে ভোলার বাড়িতে ঘরভাড়া নিয়ে থাকতেন। বেকার থাকায় মামলা চালানো এবং বাড়িভাড়া দিতে তাঁদের অনেক ঋণ করতে হয়। এর কারণে মুক্তিপণের আশায় স্বামী-স্ত্রী মিলে হিমেলকে অপহরণ করেন।