মুক্তিপণ না পেয়ে লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে অপহৃত ছেলে ও বাবার কাছে মুক্তিপণ না পেয়ে তাঁদের একজনকে গুলি করে এবং আরেকজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা৷ গত শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বাসা থেকে অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করা হয়৷
সূত্র জানায়, শনিবার রাতে সন্ত্রাসী নাছির তাঁর বাহিনী নিয়ে চন্দ্রগঞ্জ বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রাজু ও তাঁর বাবা জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে পাশের দেওপাড়া গ্রামে নিয়ে যায়৷ সন্ত্রাসীরা এ সময় তাঁদের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করে৷ তাঁদের পরিবারের লোকজন ৫০ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি হয়৷ ইতিমধ্যে খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ৷
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজুর পায়ে গুলি করে এবং তাঁর বাবাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা৷ পুলিশ ও স্থানীয়রা গুরুতর অবস্থায় গতকাল রোববার সকালে তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে৷
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন অপহরণ হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘গুলির বিষয়টি আমাদের জানা নেই৷’
চার হত্যাকাণ্ডে গ্রেপ্তার নেই: আওয়ামী লীগের তিন নেতা ও যুবদলের এক কর্মী খুনের ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ চারটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে দুটির৷ গত ১৮ মে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে গুলিতে ছাত্রলীগ নেতা আবু নোমান এবং যুবদল কর্মী মো. জাহাঙ্গীর নিহত হন৷
গত বুধবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷ আর বৃহস্পতিবার ভোরে রায়পুরের চরপাতা গ্রাম থেকে পৌর আওয়ামী লীগের নেতা আবদুল মজিদের লাশ উদ্ধার করে পুলিশ৷